বাজেটের আগেই দিল্লিতে অনিমেষ: মথা শিবিরে ‘অপারেশন লোটাস’ জল্পনা ও ‘গাদ্দার’ তোপ

আগরতলা: ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশের ঠিক প্রাক্কালে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার আচমকা দিল্লি সফরকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক আকাশে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী এই প্রভাবশালী নেতার ‘অনির্ধারিত’ দিল্লি যাত্রা নিছক কোনো প্রশাসনিক সফর নয়, বরং তিপ্রা মথা ভেঙে গেরুয়া শিবিরে যোগদানের নীল নকশা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটি বড় অংশ।

গত ৪৮ ঘণ্টা ধরে মোথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা যেভাবে অনিমেষকে নিশানা করছেন, তাতে দলটির অভ্যন্তরীণ ফাটল এখন আর গোপন নেই। শনিবার খুমলুঙের সভা থেকে সরাসরি ‘গাদ্দার’ (বিশ্বাসঘাতক) শব্দটি ব্যবহার করে নাম না করে অনিমেষকে আক্রমণ করেছেন প্রদ্যোত। একই বক্তব্য রঞ্জিত দেববর্মারও। দলের শীর্ষ নেতৃত্বের এই আক্রমণাত্মক অবস্থান প্রমাণ করছে যে, মোথা শিবিরের ভেতরের পরিস্থিতি এখন অত্যন্ত অগ্নিগর্ভ।

বিধানসভায় অনিমেষ দেববর্মার বসার স্থান এবং বিজেপি বিধায়কদের সাথে তাঁর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এখন মথা শিবিরে জোর চর্চা শুরু হয়েছে। দলের সাধারণ কর্মী থেকে শুরু করে বিধায়কদের মনেও এখন প্রবল সংশয় যে তিনি কি কেবল মন্ত্রী হিসেবেই বিজেপি বিধায়কদের পাশে বসছেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গভীর সমীকরণ তৈরি হচ্ছে?

প্রদ্যোত কিশোরের এই ‘গাদ্দার’ তকমা কার্যত সেই সন্দেহের আগুনে ঘি ঢেলেছে। রাজনৈতিক সূত্রের দাবি, আসন্ন এডিসি নির্বাচনের আগে তিপ্রা মথাকে সাংগঠনিকভাবে দুর্বল করতে শাসক দল বিজেপি ‘অপারেশন লোটাস’ শুরু করেছে। লক্ষ্য একটাই-মথার বিধায়ক দলে বড়সড় ধস নামানো।

তবে আইনি বাধ্যবাধকতা এখানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে হলে অনিমেষ দেববর্মাকে ১৩ জন মথা বিধায়কের মধ্যে অন্তত ৯ জনের সমর্থন জোগাড় করতে হবে। এই সংখ্যার অংক মেলাতে না পারলে মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ ও অপারেশন লোটাসের সাফল্য নিয়ে প্রশ্ন থেকে যায়।

তবে বাজেটের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় প্রক্রিয়ার কয়েক ঘণ্টা আগে ক্যাবিনেট মন্ত্রীর অনুপস্থিতি এবং শীর্ষ নেতৃত্বের তীব্র আক্রমণ ইঙ্গিত দিচ্ছে যে, পাহাড়ে আঞ্চলিক শক্তির দাপট কমাতে বিজেপি এখন অনেক বেশি আগ্রাসী। প্রদ্যোত কিশোরের ঘর গোছানোর লড়াই বনাম বিজেপির ভাঙন নীতি— এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ত্রিপুরার রাজনীতি এখন এক নাটকীয় মোড় নিয়েছে।

Logo Icon

The Power Brief !!

We don’t spam! Read our privacy policy for more info.

Share this:
Scroll to Top