আগরতলাঃ সোমবার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ছাঁটাই হওয়া কমিউনিটি হেলথ গাইড কর্মীরা গণধর্নায় অংশ নেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, একইসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিবের নিকট একটি ডেপুটেশনও পেশ করা হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে জনকল্যাণমূলক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করে আসছিলেন কমিউনিটি হেলথ গাইডরা। রাজ্যজুড়ে প্রায় তিন হাজার কর্মী এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু গত ১ নভেম্বর ২০২৫ হঠাৎ জারি হওয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়।

এদের মধ্যে অনেকেই ষাটোর্ধ্ব। অথচ তাদের জন্য কোনও অবসরকালীন সুবিধা বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা ছাঁটাই প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি যাদের ইতিমধ্যেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের জন্য পেনশন বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা করারও দাবি তোলা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আমাদের ফলো করুনঃ https://youtube.com/@thgn_2026?si=GBP1nUbYJEXlMZ7i
